জমিদারি আমল থেকে চলে আসছে বিষহরি ঠাকুরানী মায়ের পুজো, মালদার ময়নায় সম্প্রীতির অনন্য নজির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার গাজোলের ময়নায় প্রায় ৫০০ বছরের ঐতিহ্য বহন করে আসছে বিষহরি ঠাকুরানী মায়ের পুজো। দীর্ঘদিনের এই ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতি বছর ভক্তদের সমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কথিত আছে, জমিদারি আমলে এই পুজোর সূচনা হয়েছিল। পরবর্তীকালে জমিদারি প্রথার অবসান হলেও পরিবারের উদ্যোগে আজও নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে।

এ বছরও পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। ভক্তদের উদ্যোগে এ বছর চার শতাধিক বিষহরি ঠাকুরানী মায়ের প্রতিমা দান করা হয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসে মায়ের উদ্দেশ্যে প্রতিমা নিবেদন করেন।

এই পুজোর অন্যতম বিশেষ দিক হল সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। মুসলিম সম্প্রদায়ের মানুষও মায়ের কাছে হাঁসের ডিম নিবেদন করেন। ধর্মীয় বিশ্বাস ও দীর্ঘদিনের লোকাচারকে কেন্দ্র করে এই উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে মিলনের পরিবেশ তৈরি করে।

পাঁচ দিন ধরে চলে বিষহরি ঠাকুরানী মায়ের পুজো ও মেলা। ময়না প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এই ঐতিহ্যবাহী মেলা। পুজোকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে পাঁঠা ও কবুতর বলির প্রথাও। এ বছর প্রায় শতাধিক পাঁঠা বলি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

মা বিষহরি ঠাকুরানী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘদিনের ঐতিহ্য, লোকবিশ্বাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিশেষ নিদর্শন হয়ে উঠেছে ময়নার এই ঐতিহাসিক পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *