শিল্পাঞ্চল থেকে হিমঘর, উৎসবের আবহে মালদায় পালিত বিশ্বকর্মা পুজো।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শিল্পের অগ্রগতি—কর্মক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধির প্রার্থনায় শুক্রবার ধুমধাম করে পালিত হলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোকে ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ মালদা জেলার বিভিন্ন শিল্পাঞ্চল, কারখানা, হিমঘর ও পরিবহন সংগঠনগুলির মধ্যে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা।

এদিন মালদার ইংরেজবাজারের কমলাবাড়ি এলাকার একটি হিমঘরেও নিষ্ঠার সঙ্গে আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর। সেখানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ শিল্প উদ্যোগীরা। পুজো উপলক্ষে ব্যবসায়ী ও শিল্পের সঙ্গে যুক্ত সকলের সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

এরপর নারায়ণপুর এলাকার একাধিক শিল্প কারখানা ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশ্বকর্মা পুজোতেও অংশ নেন উজ্জ্বল সাহা। ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি তাঁদের সাফল্য কামনা করেন।

উজ্জ্বল সাহা বলেন, মালদা তথা গোটা রাজ্যে শিল্প ও ব্যবসার আরও প্রসার ঘটুক, নতুন নতুন কারখানা ও শিল্পতালুক গড়ে উঠুক এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাক—বিশ্বকর্মা পুজোর দিনে এটাই তাঁর প্রত্যাশা। ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের উন্নতির মধ্য দিয়েই জেলার অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে পূজো শেষে এদিন ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *