৫৮ বছর ধরে ঐতিহ্যের টান, বিশ্বকর্মা পুজোয় বামনগোলায় জমজমাট নৌকা বাইচ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— বিশ্বকর্মা পুজো উপলক্ষে মালদার বামনগোলার টাঙ্গন নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ৫৮ তম নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এ বছরও মালদা জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বামনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজোল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই টাঙ্গন নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। প্রতিযোগিতা শুরু হতেই নদীর দুই প্রান্তের পাশাপাশি সেতুর উপরেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে হাজির হন। প্রতিযোগীদের নৌকার ছন্দ, মাঝিদের দক্ষতা এবং দর্শকদের উচ্ছ্বাসে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।
প্রতি বছর বিশ্বকর্মা পুজো উপলক্ষে অনুষ্ঠিত এই নৌকা বাইচ দীর্ঘদিন ধরে বামনগোলা ও গাজোল এলাকার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে ধরে রাখতে ব্যবসায়ী সমিতিগুলির উদ্যোগে এ বছরও আয়োজন করা হয় নৌকা বাইচের। অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থাও করা হয় পুলিশের পক্ষ থেকে। প্রতিযোগিতা দেখতে আসা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জুয়েল মুর্মু, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, মার্চেন্ট চেম্বার অব কমার্সের সেক্রেটারি উত্তম বসাক, হবিবপুরের বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং-সহ বামনগোলা ও গাজোলের বিডিও এবং দুই এলাকার ব্যবসায়ী সমিতির সদস্যরা।
বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এবং দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের নৌকা বাইচ প্রতিযোগিতা আরও জমজমাট হয়ে ওঠে। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে টাঙ্গন নদীর তীরজুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ।

