গড়বেতা শহরে পথ দুর্ঘটনায় চাঞ্চল্য, প্রাণ গেল ৪২ বছরের সন্টুর—আশঙ্কাজনক গোপাল।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুরের পর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সন্টু মণ্ডল (৪২)। আহত ব্যক্তির নাম গোপাল দে (৫৫)। দু’জনেরই বাড়ি গড়বেতা শহরের লাপুড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গড়বেতা শহরের ময়রাকাটার কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক পারাপার করছিলেন সাইকেলে থাকা ওই দুই ব্যক্তি। সেই সময় একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার জেরে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সন্টু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, গোপাল দে-র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।

