পরকীয়া সন্দেহে গৃহবধূকে কুড়াল দিয়ে গলা কেটে খুনের অভিযোগ, গ্রেফতার দেওর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এক গৃহবধূকে কুড়াল দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মৃতার নাম অমৃতা ওরাও (২৭)। অভিযুক্ত পাঁচু ওরাও তাঁর দেওর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন অমৃতা। তাঁর স্বামী নন্দলাল ওরাও তখন বাড়িতে ছিলেন না। দুই নাবালক সন্তানও বাড়ির বাইরে খেলছিল। সেই সময় আচমকা পিছন থেকে কুড়াল নিয়ে অমৃতার উপর হামলা চালানোর অভিযোগ ওঠে পাঁচুর বিরুদ্ধে। গলায় গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই গৃহবধূ।
অমৃতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। এরপর চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। চারদিক ঘিরে তল্লাশি চালিয়ে পাঁচুকে গ্রেফতার করা হয়। পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, অমৃতার সঙ্গে পাঁচুর ঘনিষ্ঠতা ছিল। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। অমৃতা তাঁকে এড়িয়ে চলছিলেন বলেও জানা গিয়েছে। তাঁর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকেই পাঁচু হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা বিষয়গুলি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *