ফুটপাত থেকে ঘরে ফেরার আশ্বাস, ‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রীর কাছে সীতা ওরফে রশিদা।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অবশেষে মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশ্বাস পেলেন পার্ক স্ট্রিটের সেই ‘সীতা’ ওরফে রশিদা। মঙ্গলবার বরানগরের বিধায়ক সজল ঘোষের সঙ্গে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হন তিনি। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে এবং দুই নাবালিকা নাতনি।
জানা গিয়েছে, নিজের থাকার জন্য একটি স্থায়ী বাসস্থানের আবেদন নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছন সীতা ওরফে রশিদা। তাঁর পরিস্থিতির কথা শুনে তাঁকে আর ফুটপাথে থাকতে হবে না বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য পুরসভাকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মহিলা বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, ওই মহিলা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখার কথা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর সীতা ওরফে রশিদা এবং তাঁর পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে মাথা গোঁজার একটি স্থায়ী আশ্রয়ের প্রত্যাশায় থাকা পরিবারের জন্য এই আশ্বাস কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর থাকবে।

