পরিচয়পত্র থেকে সম্মানিক ভাতা—নয় দফা দাবিতে হবিবপুরে লোকশিল্পীদের স্মারকলিপি।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— দীর্ঘদিনের বঞ্চনা ও নানা সমস্যার সমাধানের নয় দফা দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন হবিবপুর ব্লকের আদিবাসী ও অন্যান্য লোকশিল্পীরা। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের হবিবপুর ব্লক কমিটির উদ্যোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একাধিক দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের হবিবপুর ব্লক কমিটির উদ্যোগে এদিন রাইসমিল হাট থেকে র্যালি করে ব্লক প্রশাসনের আধিকারিক অফিসের সামনে জমায়েত হয় সেখানে বিভিন্ন বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের অভিযোগ, প্রায় এক দশক ধরে তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে লোকশিল্পীদের পরিচয়পত্রের জন্য নির্দিষ্ট ফর্ম দেওয়া বন্ধ রয়েছে। আগে আবেদন জমা পড়লেও বহু ক্ষেত্রে অডিশন না হওয়ায় প্রকৃত শিল্পীদের একাংশ এখনও পরিচয়পত্র পাননি। দ্রুত যাচাই করে যোগ্য সমস্ত শিল্পীকে পরিচয়পত্র দেওয়ার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্মানিক ভাতা বৃদ্ধির দাবিও উঠেছে। শিল্পীদের অনুষ্ঠানের সুযোগ বাড়ানো, শিল্পীর মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা, প্রবীণ ও গুণী শিল্পীদের তত্ত্বাবধানে নবীনদের প্রশিক্ষণের জন্য কর্মশালা চালুর দাবিও জানানো হয়েছে।
দুঃস্থ লোকশিল্পী দলগুলিকে পোশাক ও বাদ্যযন্ত্র প্রদান, ট্রেন-বাসে কনসেশন এবং বিনামূল্যে বিমার আওতায় আনার দাবিও রয়েছে স্মারকলিপিতে। পাশাপাশি হবিবপুরের লোকশিল্পীদের নিয়ে সমবায় সমিতি গঠনের আগ্রহ প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে বলেই আশাবাদী শিল্পীরা।

