যাদবপুরের পর এবার মেদিনীপুর কলেজে SFI-ABVP হাতাহাতি, আহত বেশ কয়েকজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : – যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের রেশ এবার এসে পড়ল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজে। শুক্রবার যাদবপুরের ঘটনার প্রতিবাদে এসএফআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ চত্বরেই এসএফআই ও এবিভিপির সদস্য-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগতদের প্রবেশ ও তাণ্ডবের প্রতিবাদে এদিন মেদিনীপুর কলেজে কর্মসূচি করছিল এসএফআই। সেই সময় এবিভিপির ঝান্ডা হাতে কয়েকজন ব্যক্তি কলেজ চত্বরে ঢুকে পড়েন বলে অভিযোগ। তাঁদের সঙ্গে এসএফআই কর্মীদের বচসা শুরু হয়। এরপরই দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। এসএফআইয়ের দাবি, তাদের একাধিক সমর্থককে মারধর করা হয়েছে। অন্যদিকে, এবিভিপিও পাল্টা অভিযোগ করেছে যে তাদের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে।
সংঘর্ষে বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিছু সময়ের জন্য কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর। ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কলেজের ভিতরে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ থাকার পরেও কীভাবে বাইরে থেকে লোকজন ক্যাম্পাসে ঢুকে পড়ল এবং সংঘর্ষে জড়িয়ে পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়াদের একাংশ। একইসঙ্গে শিক্ষাঙ্গনে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই সংঘর্ষের সূত্রপাত নিয়ে দু’পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী। এসএফআইয়ের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এবিভিপির সদস্যরা এসে হামলা চালায়। পাল্টা এবিভিপির দাবি, তারাই আক্রান্ত হয়েছে। ফলে মেদিনীপুর কলেজের এই সংঘর্ষ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *