কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা, টোটোচালকের মৃত্যু, শিশু-সহ অন্তত পাঁচজন গুরুতর আহত।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-কোচবিহার জেলার মাথাভাঙ্গায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টোটোচালক। এই ঘটনায় শিশু ও মহিলা-সহ অন্তত পাঁচজন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার শীতলকুচি-মাথাভাঙ্গা সড়কের বড় কাউয়ারডেরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নীল-সাদা যাত্রীবোঝাই টোটো মাথাভাঙ্গা থেকে শীতলকুচির দিকে যাচ্ছিল। সেই সময শীতলকুচি থেকে মাথাভাঙ্গার দিকে আসা একটি ট্রাকের সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই টোটোচালকের মৃত্যু হয়। মৃত এছাড়াও শিশু ও মহিলা-সহ অন্তত পাঁচজন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙ্গা থানার আইসি শুভজিৎ ঝা, ট্রাফিক ওসি তেনজিং ভুটিয়া-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনও পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। স্থানীয় বাসিন্দারাও আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী টিংকু দাস ও সঞ্জিত বর্মন জানান, তাঁরা দোকানে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন টোটোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং কয়েকজন রাস্তায় ছিটকে পড়ে রয়েছেন।
মৃত টোটো চালকের নাম নজরুল ইসলাম বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহতদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার জেরে মাথাভাঙ্গা-শীতলকুচি সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

