ডাঙ্গার ট্যাংক মোড় বাজারে বিজেপির প্রচার অভিযান, উপস্থিত প্রার্থী বুধরাই টুডু ও শুভেন্দু সরকার।
নিজস্ব সংবাদদাতা, তপন, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তপন বিধানসভার ডাঙ্গা অঞ্চলের ট্যাংক মোড় বাজার সংলগ্ন এলাকায় প্রচার অভিযান চালাল ভারতীয় জনতা পার্টি। প্রচারে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী বুধরাই টুডু এবং কুমারগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু সরকার।
ট্যাংক মোড় এলাকা চত্বর বিজেপির পতাকা, ব্যানার ও পদ্মফুল চিহ্নের ফেস্টুনে সেজে ওঠে। দুই বিধানসভার প্রার্থীকে একসঙ্গে দেখতে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় জমে। ‘জয় শ্রীরাম’, ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগানে সরগরম হয় বাজার এলাকা।
প্রচার চলাকালীন সাধারণ মানুষের কাছে গিয়ে জনসংযোগ করেন দুই প্রার্থী। বুধরাই টুডু বলেন, “তপনের মানুষ তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাস থেকে মুক্তি চাইছে। আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে পানীয় জল, সেচ, স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা। ডাবল ইঞ্জিন সরকার গড়লে ডাঙ্গা সহ গোটা তপনের চেহারা বদলে যাবে।”
কুমারগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু সরকার বলেন, “দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। কৃষকদের ফসলের ন্যায্য দাম, যুবকদের কর্মসংস্থান ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। রাজ্যে আইনশৃঙ্খলা ফেরাতে পদ্মফুলে ভোট দিন।”
দলীয় সূত্রে জানা গেছে, জেলার একাধিক বিধানসভায় যৌথ প্রচারের কৌশল নিয়েছে বিজেপি। ট্যাংক মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারের মাধ্যমে গ্রামীণ ও ব্যবসায়ী ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছে দল।
প্রচার অভিযানে বিজেপির জেলা স্তরের কার্যকর্তা এবং বুথ স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

