মানিকচকে সিপিএম কার্যালয়ে বিজেপির পতাকা, উত্তেজনা চরমে।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। সেই আবহেই শ্রীরামপুরে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে মালদায় এসে পৌঁছালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার চপারে করে মালদা বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের কনভেনার শংকর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ প্রসাদসহ একাধিক বিশিষ্ট কার্যকর্তা। ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে তাঁকে বরণ করে নেন দলীয় কর্মী-সমর্থকরা। বিমানবন্দরের বাইরে থেকেই কর্মীদের ভিড় এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সেখান থেকে সরাসরি পুরাতন মালদা কেন্দ্রের শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবে তার আগে সিঙ্গাবাদ বাস স্ট্যান্ডে তাঁকে এক নজর দেখতে ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা। দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর প্রায় তিনটে নাগাদ সেখানে পৌঁছন তিনি। এরপর সিঙ্গাবাদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়, যা শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা জুড়ে ছিল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে ভরপুর এক উৎসবমুখর পরিবেশ।
এদিন প্রচারে এসে মানিক সাহা জোর দিয়ে বলেন, এবারের নির্বাচনে শুধু পুরাতন মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার জয় নিশ্চিত নয়, রাজ্যজুড়েই বিজেপির জয় হবে। আর বিজেপির সরকার গঠিত হবে। তিনি দাবি করেন, ত্রিপুরার মতো পশ্চিমবঙ্গেও “ডবল ইঞ্জিন” সরকার প্রতিষ্ঠা পেলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
এই সভাকে ঘিরে বিজেপি শিবিরে উৎসাহের জোয়ার দেখা গেলেও রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সফর নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, এই প্রচার কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে।

