গঙ্গারামপুরে ব্যানার বিতর্ক, মুখোমুখি তৃণমূল-বিজেপি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলগুলির ব্যানার ও পোস্টার সরাতে সক্রিয় হয়েছে প্রশাসন। এরই মধ্যে গঙ্গারামপুর শহরে সরকারি জায়গায় থাকা গাছে বিজেপি প্রার্থীর ব্যানার লাগানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে ইন্দ্রনারায়ণপুর কলোনী রেলগেট সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, রবিবার রাতে রেলগেটের পাশের সরকারি জমিতে থাকা গাছে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়-এর ব্যানার লাগানো হয়। বিষয়টি জানাজানি হতেই সরব হন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। সোমবার বেলা সাড়ে ১০টা নাগাদ তিনি ঘটনাস্থলে পৌঁছে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
গৌতম দাসের অভিযোগ, “আমাদের কর্মীরা আগে এখানে ব্যানার লাগিয়েছিল। সেই সময় বিজেপি সিআরপিএফকে ব্যবহার করে সেই ব্যানার খুলিয়ে দেয়। অথচ গতকাল রাতে বহিরাগতদের নিয়ে এসে শান্ত পরিবেশ নষ্ট করে সরকারি জায়গায় নিজেদের ব্যানার লাগিয়েছে বিজেপি।” তিনি আরও জানান, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *