“কয়লা চোর” পোস্টারে তোলপাড় জামুড়িয়া, তৃণমূল কার্যালয়ে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা , জামুড়িয়া , পশ্চিম বর্ধমান :- জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দেওয়ালে পড়লো তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও আরো দুই ব্যক্তির ছবি সহ কয়লা চোর হরেরাম লেখা পোস্টার ।
সোমবার সকালে দলীয় কার্যালয়ের বাইরে এমন পোস্টার সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং । বিভিন্ন সময় এবং বিভিন্ন ক্ষেত্রে যার নাম একাধিকবার সংবাদমাধ্যমে উঠে এসেছে। কখনো তার নামের সমর্থনে দেওয়াল লিখনে গোবরের প্রলেপ, কখনো ভরা জনসভায় মুখ্যমন্ত্রীর মুখে তার ছেলের বিরুদ্ধে সতর্ক বাণী, কখনো আবার নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসাধারণের ক্ষোভের মুখে প্রার্থী। তাছাড়াও বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী এবং তার ছেলেকে নিয়ে নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় বিরোধী পোস্ট লেগেই রয়েছে।
যদিও এসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলির চক্রান্ত বলেই মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরে রাম সিং ও দলের কর্মী সমর্থকদের।

ঠিক এরই মাঝে ” কয়লা চোর হরেরাম” এমন পোস্টার জামুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর দলীয় কার্যালয়ে পড়ায় শিল্পাঞ্চলের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমন ঘটনা বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত বলেই দাবি করে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

ঘটনা প্রসঙ্গে জামুরিয়া ব্লক ১ এর সভাপতি সুব্রত অধিকারী জানান, এই ঘটনা বিজেপি সিপিএম এবং এনসিপি দলের যৌথ চক্রান্ত। তারা জোটবদ্ধভাবে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এছাড়াও তিনি বলেন বিজেপির কিছু ক্যাডার গভীর রাত্রি পর্যন্ত এলাকায় মদ্যপ অবস্থায় তাণ্ডব করে বেড়ায়। তৃণমূলের উন্নয়নের সঙ্গে না পেরে তারা এ ধরনের কাজ করে বেড়াচ্ছে। এদিন তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন এ ধরনের কাজ যারা করছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনায় বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখার্জি। তার কথাই বিজেপির প্রতিটি নেতা এবং কর্মী সমর্থক নির্বাচনী প্রচারে ব্যস্ত। বিজেপি কখনোই এমন কাজ করেনি এবং এ ধরনের কাজকেও তারা সমর্থন করেন না। এলাকায় তৃণমূল বিরুদ্ধ এমন কর্মকান্ড দলীয় গোষ্ঠী কোন্দলের প্রভাব বলেই দাবি করছেন বিজেপি প্রার্থী।

বর্তমানে এমন ঘটনায় শিল্পাঞ্চলের রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। তদন্তে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *