ভোটের আগে পিলকিতে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের নতুন জালাদিপুর-এর পিলকি এলাকায়, জাতীয় সড়ক ১২ (NH 12) লাগোয়া একটি কাঠ ফাড়া মিল সংলগ্ন বাগান থেকে উদ্ধার হলো বালতি ভর্তি তাজা বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা একটি বালতি ঘিরে কৌতূহল তৈরি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানা পুলিশ। তল্লাশি চালিয়ে বালতির ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। একের পর এক বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে, কিন্তু বোমা মজুত বা রাখার সঙ্গে কারা জড়িত—এখনও পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করা যাচ্ছে না। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
পিলকির বাসিন্দাদের স্পষ্ট দাবি, যারা এই বোমা মজুত করে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে, তাদের দ্রুত চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নিক পুলিশ। শুধু বোমা উদ্ধার নয়, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—এই দাবি তুলেছেন সাধারণ মানুষ।
ক্রমাগত বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে নানা প্রশ্নএ কি প্রশাসনিক ব্যর্থতা? নাকি এর নেপথ্যে রয়েছে কোনও বড় রাজনৈতিক ষড়যন্ত্র?
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীর একটাই প্রশ্ন—আর কতদিন শুধু উদ্ধার, কবে হবে গ্রেপ্তার?

