ভোরের নিস্তব্ধতা ভাঙল আগুনের লেলিহান শিখা, ছাই স্টেশনারি-মুদিখানা-চায়ের দোকান।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে জাতীয় সড়কের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায়। বুধবার ভোরবেলায় আচমকাই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পরপর চারটি দোকানে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভস্মীভূত দোকানগুলির মধ্যে রয়েছে একটি স্টেশনারি দোকান, একটি মুদিখানা, একটি চায়ের দোকান এবং একটি উপহার সামগ্রীর দোকান। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দেখে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দমকল বিভাগে খবর দেন।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে প্রশাসন।

