‘দু’দিনে গ্রেফতার না হলে বনধ’—তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মালদার ব্যবসায়ী মহল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ব্যবসায়ীদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীকে চিঠি। এই রাজ্যকে বাংলাদেশ বানানো হচ্ছে। দাবি ব্যাবসায়ীদের। দুদিনের মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারকে গ্রেফতার না করা হলে, আগামী শনিবার জেলাজুড়ে ব্যবসায়ীদের বনধ। উত্তেজনা মালদায়। মালদা শহরে জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভে ব্যবসায়ীরা। বিক্ষোভে সামিল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের সদস্যরাও। মালদা চেম্বার অফ কমার্সের তরফে এই ঘটনার জন্যে সরাসরি ইংরেজ বাজার পৌরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
মালদায় সোমবার ভোর রাতে বিশেষ করে রাত আড়াইটা নাগাদ বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পর পর ন’টি দোকান, দোতালার একটি গুদাম ঘর ও দুটি অফিস ঘর। লুটপাট চলে দোকানের জিনিসপত্রেরও। অভিযোগ করা হয় রাজীব শর্মা নামে তৃণমূল নেতা ঘনিষ্ঠ এক প্রমোটারের বিরুদ্ধে। ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করে দুটি জেসিবি আটক করে এবং একজন জেসিবি চালককে গ্রেফতার করে। এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। কয়েক ঘন্টার মধ্যেই সম্পুর্ণ রোজগারহীন হয়ে পড়েছে ১২ টি ব্যবসায়ী পরিবার। সেই সব পরিবারের সদস্যদের নিয়েই অবস্থান বিক্ষোভে সামিল ব্যবসায়ীরা। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এর তরফে অভিযোগ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *