রাস্তা মেরামতের দাবি জানাতে গিয়ে শিবির থেকে বের করে দেওয়া হলো বাসিন্দাদের, প্রশাসনের নীরবতা ঘিরে ক্ষোভ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্প রাজ্যজুড়ে প্রশংসিত হলেও, খোদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের ৪ নম্বর কলাইকুন্ড অঞ্চলে এক হতাশাজনক চিত্র ধরা পড়েছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম অম্বা বুথের গোকুলপুর হাই স্কুলে, যেখানে এই প্রকল্পের শিবির বসে। পাড়ার একদল মানুষ রাস্তা মেরামতের দাবিতে তাঁদের অভিযোগ জানাতে গেলে, তাঁদের শিবির থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। উপস্থিত স্থানীয় নেতৃত্বের দাদাগিরির বলি হন অভিযোগকারী বাসিন্দারা।
সূত্র মারফত জানা গেছে, একাধিক বাসিন্দা তাঁদের পাড়ার জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে অভিযোগ জানাতে গেলে শিবিরের এক প্রভাবশালী প্রতিনিধি তাঁদের “অপমান করে বের করে দেন”। অথচ এই শিবিরেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথে অভিযোগ জানানোর জন্য রাখা হয়েছে নির্দিষ্ট অভিযোগ বাক্স, কিন্তু অভিযোগকারীদের সেই বাক্সের কাছেও যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
ঘটনাস্থলে বিডিও সাহেবের প্রতিনিধি উপস্থিত থাকলেও, তিনি কোনো হস্তক্ষেপ করেননি বলে স্থানীয়রা জানিয়েছেন।
এক স্থানীয় বাসিন্দা বলেন:
“আমরা সরকারের ওপর আস্থা রেখেই এসেছিলাম। মুখ্যমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের কথা শোনা হবে। কিন্তু এখানে শোনার কেউ নেই। উল্টে অপমান করা হলো আমাদের। তাহলে আমরা যাব কোথায়?”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, কিছু দলীয় নেতা-নেত্রী মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পকে মানুষের নাগালের বাইরে রেখে দিচ্ছেন। প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।
এলাকাবাসীর স্পষ্ট বার্তা:
এই ধরনের অব্যবস্থা বন্ধ করতে হবে। রাস্তাটির দ্রুত মেরামত ও প্রকল্পের যথাযথ বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

