ডোমকলে জমি দখল চেষ্টায় দুষ্কৃতীদের হামলা, কলার চার বিঘা জমি নষ্ট।


মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:
ডোমকল ব্লকের শিবনগর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য। অভিযোগ, চার বিঘা জমির কলাগাছ রাতের অন্ধকারে কেটে দিয়ে নষ্ট করে দিল একদল দুষ্কৃতী। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কৃষক রফিকুল সেখ ও তাঁর ভাইদের দাবি, পূর্বপুরুষদের এই জমিতে তাঁরা বহু বছর ধরে চাষাবাদ করছেন। সেই জমিই এখন কব্জা করার চেষ্টায় লিপ্ত একদল প্রোমোটার ও দুষ্কৃতী।

কৃষক পরিবারের অভিযোগ, কিছুদিন আগেই তাঁদের জমিতে থাকা তিল গাছ নষ্ট করে দেওয়া হয়েছিল। এবার টার্গেট করা হয়েছে কলার জমিকে। রফিকুল সেখ জানান, ইতিমধ্যে তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন এবং প্রশাসনের সহায়তাও নিয়েছেন। কিন্তু তার পরেও নাফিজুল শেখ, নাসির উদ্দিন, রাকেশ শেখ ও বুলু শেখ নামে কয়েকজন জমিতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ।

জমির দখল নিতে এসব দুষ্কৃতীরা ধারাবাহিকভাবে ফসল নষ্ট করছে এবং কৃষকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিন্দা করে বলেন,

“ফসল নষ্ট করে কাউকে পথে বসানো সভ্য সমাজে চলতে পারে না। এটা অমানবিক।”

গ্রামবাসীদের দাবি, প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে।

এই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। জমি সংক্রান্ত এই সংঘাতের পেছনে কোন রাজনৈতিক প্রভাব রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *