আমেরিকা থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরতেই চমক, প্রিয়জনদের সঙ্গে জন্মদিনে মাতলেন কুমার শানু।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: প্রিয়জনদের ভালোবাসা, বন্ধুদের আড্ডা আর সুরের মূর্ছনায় একেবারে অন্যরকমভাবে পালিত হল মেলোডি কিং কুমার শানুর জন্মদিন। দেশে-বিদেশে সঙ্গীতানুষ্ঠানের আয়োজক এবং কুমার শানুর বিজনেস ম্যানেজার দিলীপ দের উদ্যোগে কলকাতার সনেট হোটেলে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের। সবথেকে বড় চমক, গোটা আয়োজনের কথা আগে থেকে বিন্দুমাত্র জানতে পারেননি স্বয়ং কুমার শানু।

আমেরিকা থেকে দুবাই হয়ে দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে কলকাতায় ফিরেছিলেন কুমার শানু। দীর্ঘ সফরের ক্লান্তি থাকলেও প্রিয়জনদের সান্নিধ্যে জন্মদিনের এই আকস্মিক আয়োজন তাঁকে আনন্দে মাতিয়ে তোলে। পরিবারের সদস্য, ছোটবেলার বন্ধু, অনুরাগী এবং সহশিল্পীদের সঙ্গে হাসি-আড্ডা ও গানে মেতে ওঠেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রিয় বড়দি মনা মুখোপাধ্যায়, ছোটবেলার বন্ধু কানাই চন্দ ও কেষ্ট সাহা, গায়িকা স্বর্ণালী বোস, পাপ্পু ও বৈশালী চন্দ, বাপি সাহা, গায়ক সুজয় ভৌমিক, নির্জন নন্দী-সহ আরও অনেকে। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জন্মদিনের আনন্দ যেন পরিণত হয় এক আন্তরিক পারিবারিক মিলনমেলায়।

অনুষ্ঠানে কেক কাটার পর শুরু হয় শুভেচ্ছা বিনিময়। উপস্থিত প্রত্যেকের সঙ্গে ছবি তোলেন কুমার শানু। নিজের হাতে তাঁদের কেক খাইয়েও দেন তিনি। এরপর আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে শুরু হয় নিজেদের মতো করে গান-বাজনার আসর। পরিচিত সুর, পুরোনো দিনের স্মৃতি আর বন্ধুত্বের উষ্ণতায় জমে ওঠে গোটা পরিবেশ।

এই আয়োজনের নেপথ্যে ছিলেন দিলীপ দে। দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত দিলীপকে শুধু অনুষ্ঠান আয়োজক হিসেবে দেখলে তাঁর ভূমিকার সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় না। কুমার শানুর বিজনেস ম্যানেজার হিসেবে শিল্পীর পেশাগত কাজের পাশাপাশি ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং এমন আন্তরিক মুহূর্ত তৈরি করার ক্ষেত্রেও তাঁর সাংগঠনিক দক্ষতা নজর কেড়েছে।

সব মিলিয়ে, জাঁকজমকের চেয়ে আন্তরিকতা আর চমকেই বিশেষ হয়ে উঠল কুমার শানুর জন্মদিনের এই উদ্‌যাপন। মেলোডি কিংয়ের ব্যস্ত জীবনের মাঝে এমন একটি সন্ধ্যা হয়ে থাকল বন্ধু, ভক্ত ও প্রিয়জনদের সঙ্গে কাটানো এক স্মরণীয় মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *