গড়বেতায় বিজেপির সভা ঘিরে তৎপরতা, প্রস্তুতি বৈঠকে উপস্থিত রাজ্য ও জেলা নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি নিতে চলেছে বিজেপি। দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। আর সেই কর্মসূচিকে সামনে রেখেই আগামী ৩১ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের BDO অফিস সংলগ্ন ময়দানে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সভাকে সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। রবিবার গড়বেতা শহরের শ্যাম ভবনে আয়োজন করা হয় বিজেপির প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্যসম্পদ বিভাগের প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো, শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো এবং গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির একাধিক জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব।
অন্যদিকে, সভার আগে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক এবং বিজেপি নেতৃত্ব। পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা DSP অপারেশন সব্যসাচী ঘোষ, গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিত্ব।
এখন রাজনৈতিক মহলের নজর ৩১ অক্টোবরের সভার দিকে। বিজেপির এই কর্মসূচি ঘিরে গড়বেতায় কতটা জমায়েত হয় এবং সভা থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *