নার্সকে হেনস্থা ও মারধরের অভিযোগে গ্রেফতার গড়বেতার ব্লক স্বাস্থ্য আধিকারিক, চাঞ্চল্য স্বাস্থ্য মহলে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল খোদ স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ১নম্বর ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ বা BMOH ডক্টর প্রবীর কুমার বাউরীকে। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, গত বৃহস্পতিবার প্রয়োজনীয় কিছু নথিপত্র সংগ্রহ করতে গড়বেতার BMOH-এর অফিসে গিয়েছিলেন গড়বেতার একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক কমিউনিটি হেলথ অফিসার তথা নার্স। সেই সময় নথিপত্র দেওয়ার অছিলায় ওই স্বাস্থ্য আধিকারিক তাঁকে প্রথমে প্রেমের প্রস্তাব দেন এবং পরে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন ওই স্বাস্থ্যকর্মী।
ঘটনায় আহত হওয়ার পর গড়বেতায় চিকিৎসা করান ওই নার্স। প্রথমে সম্মানহানির আশঙ্কায় থানায় অভিযোগ দায়ের না করলেও, পরে পরিবারের পরামর্শে রবিবার গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ওই নার্সের আরও অভিযোগ, এর আগেও একাধিকবার তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন ওই স্বাস্থ্য আধিকারিক।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসককে ধরতে একাধিক দল গঠন করে তল্লাশি শুরু হয়। এরপর রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার ধৃত BMOH-কে গড়বেতা আদালতে পেশ করার কথা। অন্যদিকে, গোটা ঘটনায় বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশংকর সারেঙ্গী। তাঁর বক্তব্য, এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একজন স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে অধস্তন মহিলা স্বাস্থ্যকর্মীকে যৌন হেনস্থা ও মারধরের এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তবে, অভিযোগের সত্যতা বিচারবিভাগীয় প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

