অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রশাসনের হানা, খাবারের গুণগতমান থেকে শিশুদের পুষ্টি—সবই খতিয়ে দেখলেন আধিকারিকরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো ও পরিষেবার মান সরেজমিনে খতিয়ে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার মেদিনীপুর সদর SDO মোঃ মারঘুব ইলমি এবং গড়বেতা ৩ নম্বর ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য-সহ প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে পরিদর্শন করেন।অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের জন্য যে খাবার দেওয়া হচ্ছে তার গুণগতমান কেমন, কেন্দ্রগুলির পরিকাঠামো ঠিক রয়েছে কিনা, শিশুদের নিয়মিত পরিষেবা মিলছে কিনা—এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি কোনও শিশু অপুষ্টিতে ভুগছে কিনা, তাদের পুষ্টির পরিস্থিতি কেমন, সেই বিষয়েও নজর দেন প্রশাসনিক আধিকারিকরা।
পরিদর্শনের সময় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন আধিকারিকরা। শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং নিয়মিত পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে কোনওরকম গাফিলতি না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এদিন চন্দ্রকোনারোডের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে সাত মাসের এক শিশুর অন্নপ্রাশনেরও আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুটিকে আশীর্বাদ করেন SDO, BDO-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় শিশুর অন্নপ্রাশন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিশুদের পুষ্টি ও সার্বিক বিকাশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিষেবার মান, খাবারের গুণগতমান এবং শিশুদের পুষ্টির পরিস্থিতি খতিয়ে দেখতে এই ধরনের পরিদর্শন ও নজরদারি অব্যাহত থাকবে।

