‘তারকাটা টিংকু’ গ্রেফতার ঘিরে শালবনীতে রাজনৈতিক মহলে চর্চা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী কার্তিক মাহাতো ওরফে ‘তারকাটা টিংকু’। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিডিওর করা অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার অভিযুক্ত কার্তিক মাহাতোকে মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, শালবনিতে কার্তিক মাহাতোর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্রায় এক মাস আগে বিজেপি কর্মীদের সঙ্গে উপস্থিত থেকে শালবনির বিডিওর সরকারি কাজে বাধা দেওয়া হয়েছিল। এমনকি একটি ঘটনায় বিডিওর গাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করেই শালবনি থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং পরবর্তীতে কার্তিক মাহাতোকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালবনির বাসিন্দা কার্তিক মাহাতো দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সরকারি কাজকর্ম নিয়ে সমালোচনা ও প্রতিবাদ করতেন। ‘তারকাটা টিংকু’ নামে একটি সোশ্যাল মিডিয়া পেজও চালাতেন তিনি। বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীদের নিয়ে কটাক্ষমূলক বার্তা এবং প্রতিবাদী পোস্টের কারণে এলাকায় তাঁর পরিচিতি তৈরি হয়েছিল বলেও দাবি স্থানীয়দের।

পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে তাঁকে বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত বলে জানা গিয়েছে। তবে এবার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর গ্রেফতার ঘিরে শালবনিতে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও অভিযোগের সত্যতা নিয়ে পুলিশের তদন্ত চলছে। আদালতে তোলার পর এই মামলায় পরবর্তী আইনি প্রক্রিয়া কী হয়, সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *