গড়বেতার খড়্কুশমায় রাজনৈতিক সংঘর্ষ, আহত একাধিক—এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতার খড়্কুশমায় CPI(M) ও BJP-র সংঘর্ষকে ঘিরে ব্যাপক উত্তেজনা। শুক্রবার বিকেলে খড়্কুশমা বাজারে দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ভাঙচুরের পর CPI(M)-এর দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত বলে খবর। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও গুরুতর আহত কয়েকজন BJP কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। CPI(M)-এর অভিযোগ, শুক্রবার বিকেলে খড়্কুশমা বাজারে তাদের কর্মীদের উপর BJP-র কর্মী-সমর্থকরা হামলা চালায়। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে BJP-ও। দুই পক্ষের তরফেই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আনা হয়েছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখছে প্রশাসন। শনিবার সকালেও খড়্কুশমা এলাকায় থমথমে পরিস্থিতি। বাজার ও আশপাশের এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সংঘর্ষের ঘটনাকে ঘিরে নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য নজরদারি জোরদার করা হয়েছে।একদিকে দলীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুরের অভিযোগ, অন্যদিকে সংঘর্ষে একাধিক কর্মী আহত—সব মিলিয়ে খড়্কুশমায় রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। পরিস্থিতির দিকে নজর প্রশাসনের।

