DYFI-এর চতুর্থ সম্মেলন ঘিরে কাকুরিয়ায় জনসমাবেশ, উঠল শিক্ষা ও কর্মসংস্থানের দাবি।
ধুলিয়ান, নিজস্ব সংবাদদাতা : – শিক্ষা, কর্মসংস্থান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের দাবিকে সামনে রেখে ধুলিয়ানের কাকুরিয়া এলাকায় অনুষ্ঠিত হল DYFI-এর চতুর্থ সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ। কাকুরিয়া সাহেবনগর হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে যোগ দেয়।
সমাবেশে বক্তারা শিক্ষা ও কর্মসংস্থানের প্রসার, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি এসআইআর-এ বাতিল হওয়া বৈধ ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়।
সমাবেশ থেকে রাজ্য সরকারের কাছে সমস্ত মহিলাকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আওতায় আনার দাবিও জানানো হয়। এছাড়াও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে একাধিক দাবি তুলে ধরে আগামী দিনে আন্দোলন আরও সংগঠিত করার বার্তা দেন বক্তারা।
প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন DYFI-এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, কমরেড টিউলিক ঘোষ, কমরেড মোদাসার হোসেন, প্রাক্তন বিধায়ক তুয়া বালি, কমরেড আজাদ আলী, কমরেড রবজুল ইসলাম, কমরেড মইদুল ইসলাম-সহ বিভিন্ন এলাকার নেতৃত্ব ও কর্মীরা। সম্মেলনের সম্পাদক আব্দুর রহমান ডালিম এবং সভাপতি মোস্তাক হোসেনও উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে কাকুরিয়া মোড়ে শহিদ স্মরণ ও মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহিদদের স্মরণে মাল্যদান অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী-সমর্থকদের উপস্থিতিতে কাকুরিয়া মোড় কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
সম্মেলন ও প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে শিক্ষা, কর্মসংস্থান, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

