এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, বাধা দিতে গিয়ে অপর মহিলা আক্রান্ত—ধর্ষণ ও খুনের অভিযোগ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— ঘাস কাটতে গিয়ে দুই মহিলার উপর হামলার অভিযোগ। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনলি কেটে খুনের অভিযোগ উঠেছে। অপর মহিলাকেও হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতনগর গ্রামের দুই মহিলা বাংলা-বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পথ আটকায়। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর মহিলা বাধা দেন। তখন তাঁকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলাকে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ।
আহত মহিলা কোনওরকমে গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানান। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার দেহ দেখতে পান। পরে হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত করছে দুই থানার পুলিশ।

