১৫ আগস্টের পাশাপাশি মালদার ইতিহাসে ১৮ আগস্টও গুরুত্বপূর্ণ, পালিত হল ‘মালদা দিবস’।

মালদা, নিজস্ব সংবাদদাতা ১৮ আগস্ট:- ঐতিহাসিক ১৮ আগস্ট। এই দিনেই মালদা জেলা স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটির স্মৃতিকে সামনে রেখে মঙ্গলবার মালদায় পালিত হল ‘মালদা দিবস’। কালীতলা ক্লাবের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন এবং ঐতিহাসিক দিনের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ মালদার নেতাজি মোড় সংলগ্ন সরাফা ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে কালীতলা ক্লাবের সদস্য-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলনের পর ঐতিহাসিক ১৮ আগস্টের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতা দিবস ১৫ আগস্ট হলেও মালদার ইতিহাসে ১৮ আগস্টের গুরুত্ব আলাদা। দেশ স্বাধীন হওয়ার পর মালদা কোন পরিস্থিতির মধ্য দিয়ে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
এদিনের অনুষ্ঠানে মালদার স্বাধীনতা-পরবর্তী ইতিহাস এবং জেলার মানুষের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের কথাও স্মরণ করা হয়। বক্তারা বলেন, ১৮ আগস্ট শুধু একটি তারিখ নয়, মালদাবাসীর কাছে এটি ঐতিহাসিক আবেগ ও গর্বের দিন। তাই প্রতিবছর এই দিনটিকে যথাযথ মর্যাদায় স্মরণ করা উচিত।
কালীতলা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর ঐতিহাসিক দিনের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। আগামী প্রজন্মের কাছে মালদার এই গুরুত্বপূর্ণ ইতিহাস পৌঁছে দেওয়ার বার্তাও উঠে আসে অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *