নিম্নচাপ ও ভরা কোটালের জেরে উত্তাল দীঘার সমুদ্র, পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কোটালের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে দীঘা-সহ উপকূলবর্তী সমুদ্র। বুধবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে বিভিন্ন নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। নিম্নচাপের প্রভাবে দীঘার পাশাপাশি তাজপুর ও মন্দারমণির সমুদ্রও সকাল থেকেই উত্তাল রয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নুলিয়ারা মাইকিং করে পর্যটকদের সতর্ক করছেন এবং সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানাচ্ছেন। দমকা হাওয়ার জেরে সমুদ্রতীরবর্তী একটি গার্ডওয়ালের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে দড়ি টেনে বিভিন্ন প্রবেশপথ ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনও পর্যটক সমুদ্রে নামতে না পারেন। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, যেসব মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মৎস্যবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন এবং নুলিয়াদের যৌথভাবে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *