মালদায় বড়সড় অভিযান, ৪ লক্ষ টাকার ২১৬টি মোবাইল উদ্ধার; ধরা পড়ল চার পাচারকারী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-মালদা—- ভারত থেকে বাংলাদেশে দুই শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার হবিবপুর থানার পুলিশ। বি.এসএফ-এ সহযোগিতায় উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চার-চারজন পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম যথাক্রমে- বিনয় সরেন, সুভাকর সরেন, প্রভাকর সরেন এবং মুন্সী সরেন। তাদের বাড়ি হবিবপুর থানার জাজইল অঞ্চলের সূচল মহম্মদপুর এলাকায়। তারা চারজনে মিলে ওই এলাকার এক বাড়িতে মোবাইলগুলি মজুত করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচারকারী। যা বিশেষ সূত্রে জানতে পারে হবিবপুর থানার পুলিশ এবং জানার পরপরই পুলিশ বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের হরিশ্চন্দ্রপুর বিওপির জওয়ানদের সহযোগিতা নিয়ে রবিবার বিকালের দিকে ওই এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ এক পাচারকারীর বাড়ি থেকে বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪’ লক্ষ টাকা। ঘটনায় পুলিশ চার পাচারকারীকে গ্রেপ্তার করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের পুলিশি হেপাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *