বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে রেললাইনের ধারে জখম যুবক উদ্ধার।
বামনহাট, নিজস্ব সংবাদদাতা:- বামনহাটের অদূরে পাথরসন এলাকায় শনিবার ভোরে রেললাইনের পাশ থেকে গুরুতর জখম অবস্থায় এক যুবককে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত যুবকের নাম বিশ্বজিৎ বর্মন (প্রায় ৩০)। তিনি বামনহাট দক্ষিণ লাউচাপড়া এলাকার হরিটপাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর প্রায় ৫টা নাগাদ পাথরসন এলাকার রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিশ্বজিৎকে। প্রতিদিনের মতো ওই সময় বামনহাট থেকে শিলিগুড়িগামী একটি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন এলাকা অতিক্রম করে। তার কিছুক্ষণ পরই স্থানীয়দের নজরে আসে যুবকটি। দ্রুত তাঁকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর বিশ্বজিৎ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি বলেই পরিবারের দাবি। স্থানীয়দের একাংশের মতে, কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। যদিও এই বিষয়ে পরিবারের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে। এটি আত্মহত্যার চেষ্টা, দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্যজনক ঘটনা—তা এখনও স্পষ্ট নয়। গুরুতর আহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় বামনহাট এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, রেললাইনের আশপাশে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোখা যায়।

