ঘর পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগে হরিশ্চন্দ্রপুরে উত্তাল গ্রামবাসীরা।

মালদা, নিজস্বসংবাদদাতা:– আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানি নিয়েছেন পঞ্চায়েত সদস্য-শনিবার এমনটাই অভিযোগ তুলে কাটমানির টাকা ফেরতের দাবীতে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খড়মপুর গ্রামের। জানা গেছে, ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রয়েছেন নির্দল প্রতীকে জেতা উপেন যাদব। তবে তিনি নির্দল প্রতীকে জিতলেও পরে শাসক দল তৃণমূলের সঙ্গে মিশে যান। তৃণমূলের সমর্থনে কাজ করেন। তার বিরুদ্ধে শনিবার গ্রামবাসীদের একাংশ আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় বছর খানেক আগে তাদের আবাস যোজনায় নাম আসে। আর নাম আসার পরপরই পঞ্চায়েত সদস্য উপেন যাদব উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কারও কাছে ১০ হাজার, কারও কাছে ১৫ হাজার, কারও কাছে ২০ হাজার টাকা কাটমানি নেন। এমনকি কয়েকজনের কাছে ২৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। কেউ কাটমানি দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ। এমনকি দাবী মতো টাকা না দিলে পরের কিস্তির টাকা আটকে দেওয়ার ভয় দেখানো হয়। তাই বাধ্য হয়েই উপভোক্তারা পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেন। আর কাটমানি দেওয়ার। কারণে এখনও পর্যন্ত বেশ কয়েকজন উপভোক্তা, তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করে উঠতে পারেন নি। এই পরিস্থিতিতে শনিবার উপভোক্তারা একজোট হয়ে কাটমানি ফেরতের দাবীতে বিক্ষোভ দেখান। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেছেন পঞ্চায়েত সদস্য উপেন যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *