৫১২তম রামকেলি মেলার প্রস্তুতিতে প্রশাসনিক বৈঠক, নিরাপত্তায় বিশেষ নজর।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- জেলার ঐতিহাসিক গৌড়ের রামকেলী মেলা। আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে মেলা। চলবে ১৭ জুন পর্যন্ত। ১৪ জুন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে মেলার। প্রাচীন রীতি মেনে ১৪ জুন থেকে ১৭ই জুন পর্যন্ত চলবে মালদার এই প্রাচীন মেলা। রামকেলি মেলার প্রস্তুতি নিয়ে সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বৈঠক।
এক সময় বাংলার রাজধানী ছিল গৌড়। কথিত রয়েছে, তৎকালীন গৌড়ের বাদশা হুসেন শাহর আমলে মন্ত্রিসভায় ছিলেন মহাবৈষ্ণব বলে পরিচিত রূপ ও সনাতন গোস্বামী। তাঁরাই ১৫০৯ খ্রীষ্টাব্দে রামকেলিতে মদনমোহন মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁরা বৃন্দাবনের আদলে রামকেলিতে আটটি কুণ্ড বা পুকুরও খনন করেন এবং তাঁরা রামকেলিকে কার্যত বৃন্দাবনের রূপ দিতে চেয়েছিলেন। পরবর্তীতে রামকেলি ‘গুপ্ত বৃন্দাবন’ বলেও পরিচিতি হয়। আর এই দুই মহাবৈষ্ণবের সঙ্গে দেখা করতে ১৫১৫ খ্রীষ্টাব্দের ১৫ জুন জৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলিতে এসেছিলেন মহাপ্রভূ চৈতন্যদেব। তাঁদের এই মিলন হয়েছিল মদনমোহন মন্দির সংলগ্ন কেলিকদম্ব ও তমাল গাছের তলে। মহাপ্রভূ ও রূপ-সনাতনের এই মিলন দিনকে ঘিরেই রামকেলিতে উৎসব বা মেলা হয়ে আসছে। এবছর ৫১২ তম মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ ও বিদেশ থেকেও এই মেলায় ভক্তরা এসে ভিড় জমান। লক্ষাধিক মানুষের ভিড় জমে মেলায়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তা নিয়ে মূলত এদিনের বৈঠক । উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক রাজনীর সিং কাপুর , পুলিশ সুপার অনুপম সিং, বিধায়ক অম্লান ভাদুড়ী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত কুমার সাহা,সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ও মন্দির কমিটির সদস্যরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা পরিচালনা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে বলেও জানানো হয়। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *