লোনের টাকা চাইতে গিয়ে সংঘর্ষ, হরিশ্চন্দ্রপুরে গুরুতর জখম দলনেত্রী।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- সেল্ফ হেল্প গ্রুপ লোনের টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসা। দলনেত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দেওয়ার অভিযোগ। তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ন’টা নাগাদ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে। জখম হয়েছে দলনেত্রী সুলতানা খাতুন। অভিযোগ উঠেছে আক্রান্ত দলনেত্রীর দুই দাদা ও দুই বৌদির বিরুদ্ধে। অভিযুক্তরা হল মহম্মদ রইসুল হক ও তার স্ত্রী আশা বিবি এবং রবিউল হক তার স্ত্রী সালমা খাতুন। যদিও অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে মারধরের কথা অস্বীকার করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রুপে দশজন সদস্য রয়েছে। এক বছর আগে সাড়ে সাত লক্ষ টাকা লোন পায় গ্রুপ। সেই টাকা আটজন সদস্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। লোন থেকে বঞ্চিত করা হয় সদস্য আশা ও সালমাকে। এদিন রাতে দলনেত্রীর কাছে গ্রুপের রেজুলেশন খাতা ও লোনের টাকা চাইতে আসে বঞ্চিত সদস্যরা। এতে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বাড়িতে পুরুষ মানুষ না থাকার সুযোগে দলনেত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আক্রান্ত দলনেত্রী সুলতানা বলেন,এর পূর্বে লোন নিয়েছিলেন তারা। লোন পরিশোধ না করে বাইরে চলে যায়। গ্রুপের বাকি সদস্যদের টাকা পরিশোধ করতে হয়। এবার লোনের টাকা তাদেরকে দেওয়া হয়নি। এদিন তারা
রেজুলেশন খাতা চাইতে এসে বাড়িতে চড়াও হয়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে যখম করে দিয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি।

