বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বন্ধুদের সঙ্গে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ১৫ বছরের কিশোর অরূপ দাসের নিথর দেহ নদী থেকে উদ্ধার হল সোমবার সকালে। এই ঘটনাকে ঘিরে এদিন শোকের ছায়া নেমে এল মালদার সাদুল্লাপুর নদীঘাটে। জানা গেছে, মৃত কিশোর অরূপ দাসের বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা উপর বাগান এলাকায়। রবিবার দুপুরের দিকে মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির স্কুল ছাত্র অরূপ দাস কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায়। কিন্তু ভাগীরথী নদীঘাটে নামামাত্রই অরূপ নদীতে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করেন। পরে পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে স্পিড বোট নামিয়ে দীর্ঘক্ষণ ধরে উদ্ধারকার্য চালান। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের কোন হদিশ মেলেনি। এরপর সোমবার সকাল ৯টা থেকে ফের সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে উদ্ধারকার্যে নামেন। সেই সঙ্গে নামানো হয় ডুবুরি। অবশেষে সকাল ১০টা নাগাদ সাদুল্লাপুর নদীঘাট থেকেই স্থানীয় দুই যুবক মিলে জলে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নিথর দেহ উদ্ধার করে। যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা সাদুল্লাপুর এলাকায়।

