মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশি গ্রেপ্তার, তদন্তে জিআরপি।
মালদা, নিজস্ব সংবাদদাতা-:— মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।
জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে তিনজন। এরপর একজন দালাল দুজনকে ছেড়ে পালিয়ে যায়। ধৃতরা চেন্নাইয়ে কাজের খোঁজে যাওয়ার ছক কষেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হবে।

