ফালাকাটায় KSDC-র অন্দরে দ্বন্দ্ব, সমর্থন ঘোষণা সত্ত্বেও ভোটে থাকছেন তরুণ বর্মন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। একদিকে যেখানে শুক্রবার বিকেলে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এর ফালাকাটা ব্লক কমিটি সাংবাদিক সম্মেলন করে জানায়, তারা আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন করবে, ঠিক তার পরের দিনই ভিন্ন সুর শোনা গেল সংগঠনের অন্দরেই। শনিবার ফালাকাটা বিধানসভা আসনের KSDC মনোনীত প্রার্থী তরুণ বর্মন সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দেন, তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন না, বরং পূর্ণ শক্তিতে ভোটে লড়বেন। এই অবস্থান ঘিরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন জটেশ্বরের বর্মন পাড়ায় প্রার্থীর নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন KSDC-র ফালাকাটা ব্লক কমিটির সহ-সভাপতি রমেশ চিক বাড়াইক, যোগেন্দ্র বর্মন, প্রচার সম্পাদক কমলেশ বর্মন সহ দলের একাধিক নেতা ও কর্মী।
দলের একাংশের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রার্থীর এই ঘোষণায় ফালাকাটা কেন্দ্রের নির্বাচনী সমীকরণে নতুন মোড় তৈরি হয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত এই মতপার্থক্যের প্রভাব ভোটের ময়দানে কতটা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *