মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্যবসায়ীদের সঙ্গে কথা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বর শিব চতুর্দশী মেলার শেষ দিনে উৎসবের আবহে বিশেষ মাত্রা যোগ করলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়। সোমবার রাতে মেলা প্রাঙ্গণে পৌঁছে তিনি প্রথমেই আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এরপর তিনি পুরো মেলা চত্বর ঘুরে দেখেন। জটেশ্বর গরুহাটি ময়দানে সাজানো বিভিন্ন দোকানপাট, খেলনার স্টল, মিষ্টির পসরা ও ব্যবসায়ীদের অস্থায়ী দোকান পরিদর্শন করেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও বিক্রিবাটার খবর নেন। অনেকেই জানান, এবারের মেলায় ভিড় ভালো হওয়ায় ব্যবসাও সন্তোষজনক হয়েছে। উৎসবের রঙিন আবহে একসময় তিনিও যেন ফিরে যান নিজের ছোটবেলার দিন গুলিতে। শিশু কিশোরদের ভিড়ের মাঝেই বেলুন ফাটানোর খেলায় অংশ নেন তিনি। উপস্থিত ছোটদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিয়ে তিনি যেন শৈশবের আনন্দকেই নতুন করে ছুঁয়ে দেখেন। সুভাষ রায়ের সহজ আচরণ এবং উৎসবের আনন্দে সামিল হওয়ার এই ছবি জটেশ্বর শিব চতুর্দশী মেলার শেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *