গঙ্গারামপুরে শুরু হলো বিদ্যেশ্বরী কালী মাতার ঐতিহ্যবাহী পুজো, জমজমাট মেলা ও ভক্তদের ভিড়।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : – দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে রীতিনীতি মেনে প্রতি বছরের মতো এবারও শুরু হলো ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী কালী মাতার পুজো। জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার প্রতিবছর পূজো আয়োজিত হয়ে থাকে। পুজো উপলক্ষ্যে এলাকায় বসেছে বিশাল মেলা।যেখানে দূরদূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

রবিবার গভীর রাত থেকেই থেকেই শুরু হয় দেবী বিদ্যেশ্বরীর আরাধনা। এবং সোমবার সকাল থেকেই মন্দিরে ভিড় করতে থাকেন ভক্তরা। ভক্তদের ভিড়ে সারাদিনই জমজমাট থাকে মন্দির চত্ত্বর। তাদের মধ্যে অনেকে আবার মা-কে পুজো দেওয়ার জন্য গভীর ভক্তি সহকারে উপোস পালন করেন। বিদ্যেশ্বরী কালী মাতার পাশাপাশি মন্দির চত্বরে চলে অনান্য দেবদেবীর বিশেষ পূজা ও নানা ধর্মীয় আচার।এখানে বলি প্রথারও প্রচলন রয়েছে। এবং রয়েছে মুখোশ নাচের রীতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় ১৭০ বছর আগে কোনো এক জ্যৈষ্ঠ মাসে দহপাড়া এলাকার কিছু বাসিন্দা পূর্ণভবা নদীতে একটি তিন ফুট দীর্ঘ কালিমাতার মুখোশ খুঁজে পান। সেই রাতেই স্থানীয়দের মধ্যে কেউ কেউ স্বপ্নাদেশ পান মা কালীর পূজা শুরু করার জন্য। তারপর থেকেই শুরু হয় বিদ্যেশ্বরী কালী মাতার পুজো। যা আজও জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার পালিত হয়ে আসছে নিরবচ্ছিন্নভাবে।

পুজোকে কেন্দ্র করে গঙ্গারামপুরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মেলায় ভোগের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার ও মনোহরী সামগ্রীর দোকান বসিয়েছেন। ভক্তদের এই আস্থাই বছরের পর বছর ধরে বিদ্যেশ্বরী কালী মাতার পুজোকে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ধর্মীয় উৎসবে পরিণত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *