বাইকে বসে স্টার্ট দিতেই আগুন ধরে যায়, চাঞ্চল্য এলাকায়।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- জনবহুল এলাকায় চোখের নিমেষে পুড়ে ছাই মোটরসাইকেল। গত দুদিন ধরেই প্রচন্ড তাপপ্রবাহে জেরবার অবস্থা বালুরঘাট শহরের। এর মধ্যেই শনিবার দুপুরে বালুরঘাটের সাধনা মোড় এলাকায় একটি মোটরসাইকেলে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায়। প্রত্যক্ষদর্শী সহ বাইক চালকের অনুমান, অতিরিক্ত গরমের কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।
এদিন বালুরঘাটের ব্যবসায়ী সন্দীপ চাকি ওই এলাকার একটি সর্ষের তেলের দোকানে তেল নিতে যান। বাইক কিছুক্ষণের জন্যই রাস্তার উপর দাঁড় করানো ছিল। সস্ত্রীক বাইকে বসে স্টার্ট দিতেই আগুন ধরে যায়। তৎক্ষণাৎ বাইক থেকে নেমে আগুন নেভানোর তোড়জোর শুরু হয়। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে গাড়ির মালিকের অভিযোগ, বারংবার ১০১ নম্বরে দমকলকে ফোন করলেও সঠিক সময়ে এসে পৌঁছায়নি। আগুন নিভে যাওয়ার পরে তারা এলাকায় এসেছিল। ঘটনাস্থলে পরিদর্শনে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

