নারকেল চুরি করতে গিয়ে বিপত্তি, ধরা পড়ার ভয়ে সারাদিন গাছের মাথায় যুবক।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—অবাক কান্ড, নারকেল চুরি করতে এসে সারাদিন গাছেই কাটাল চোর! মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শহরের কানী মোড় সংলগ্ন ফরেস্ট অফিস চত্বরে।
জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ ফরেস্ট অফিসের ভিতরে নারকেল গাছে চুরি করতে ওঠে এক যুবক। ধরা পড়ার ভয়ে সে আর নিচে নামেনি। যুবকের নাম আকাশ, বয়স আনুমানিক ৩০, বাড়ি বালুচর এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস। তিনি রথবাড়ি পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনীকে খবর দেন। দুপুর ১টা থেকে দমকল কর্মীরা তাকে নামানোর চেষ্টা শুরু করেন। বিভিন্নভাবে চেষ্টা করেও রাত ৯ টায় তাকে নামানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ভিড় জমেছে।

