‘বারো মাসে তেরো পার্বণ’-এর আবহে সেজেছে মণ্ডপ, চন্দ্রকোনারোডের মিতালী স্পোর্টিং ক্লাবের পুজোয় সাবেকিয়ানার ছোঁয়া।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই চিরাচরিত বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে মাথায় রেখেই এবছর দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তুলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডের মিতালী স্পোর্টিং ক্লাব। এবছর ২৪তম বর্ষে পদার্পণ করল এই পুজো। আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার বিশেষ প্রয়াস দেখা গিয়েছে এই পুজোয়। মণ্ডপের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হয়েছে কুমোরটুলির সাবেকি সাজে। প্রতিমার ঐতিহ্যবাহী রূপ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
পুজোর পঞ্চমীর দিন থেকেই মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রতিমা ও মণ্ডপের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে ব্যস্ত দর্শনার্থীরা। পরিবার-পরিজনদের সঙ্গে পুজো মণ্ডপে এসে উৎসবের আনন্দে সামিল হচ্ছেন বহু মানুষ।
সব মিলিয়ে, বাঙালির বারো মাসে তেরো পার্বণের সংস্কৃতি, ঐতিহ্য এবং সাবেকিয়ানার মেলবন্ধনে ২৪তম বর্ষে চন্দ্রকোনারোডের মিতালী স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব হয়ে উঠেছে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।

