মুখ্যসচিবকে নিয়ে মন্তব্যে আদালতের নির্দেশ, মহুয়া মৈত্রকে নিশানা করে কী বললেন দিলীপ ঘোষ?
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- SIR ইস্যুতে মুখ্যসচিব মনোজ পন্থকে আক্রমণ করে আদালতে ধাক্কা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। মনোজ পন্থের বিরুদ্ধে মন্তব্য নিয়ে আদালতের নিষেধাজ্ঞা এবং ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পোস্ট মুছে ফেলার নির্দেশকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই প্রসঙ্গে শুক্রবার মেদিনীপুর শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্রকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “হতাশ হয়ে গিয়ে তৃণমূল নেতারা উল্টোপাল্টা করছেন, উল্টোপাল্টা বলছেন, লিখছেন। একটু লাইনে আসা উচিত। জনপ্রতিনিধি উনি। এত পুরনো হয়ে গেছেন, তারপরও যদি এসব করেন, তাহলে জনতার মাঝে কী বার্তা যাবে?”
উল্লেখ্য, SIR-সংক্রান্ত বিতর্কের মধ্যে মুখ্যসচিবের বিরুদ্ধে মন্তব্য নিয়ে আদালতের নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। আদালতের নির্দেশকে হাতিয়ার করে মহুয়া মৈত্রকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

