ভোরের আলো ফুটলেও চারপাশ ঝাপসা, আশ্বিনের শুরুতেই ঘন কুয়াশায় জটেশ্বর।
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শীত আসতে এখনও ঢের দেরি, অথচ আশ্বিনের শুরুতেই যেন পৌষের আবহ! সোমবার ভোরে আচমকাই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিস্তীর্ণ এলাকা। ভোরের আলো ফুটলেও ঘন কুয়াশার কারণে চারপাশের দৃশ্য কার্যত ঝাপসা হয়ে যায়। দূরের গাছপালা, বাড়িঘর তো বটেই, দীর্ঘ সড়কের অনেকটাই চোখের আড়ালে চলে যায়। মাঠ-প্রান্তর থেকে রাস্তাঘাট সব কিছুতেই যেন নেমে আসে সাদা কুয়াশার আস্তরণ। মুহূর্তে বদলে যায় জটেশ্বরের চেনা ছবি। আশ্বিনেই এমন ঘন কুয়াশার দেখা মেলায় অবাক স্থানীয়রাও। তবে কুয়াশার এই মনোরম আবহের পাশাপাশি বাড়ে যান চলাচলের ঝুঁকিও। দৃশ্যমানতা একধাক্কায় কমে যাওয়ায় ভোরের দিকে রাস্তায় ট্রাক, মোটরসাইকেল-সহ বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। এদিন চালকদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।

