কেশপুরে শোকের ছায়া, প্রয়াত তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শারীরিক অসুস্থতার কারণে প্রয়াত হলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই কেশপুরের রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রদ্যুৎ পাঁজা। চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে কেশপুরের বিধায়ক শিউলি সাহা শ্রদ্ধা জানান।
রবিবার প্রদ্যুৎ পাঁজার মরদেহ এসে পৌঁছয় কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানে দলীয় নেতাকর্মী ও অনুগামীরা উপস্থিত হয়ে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান। দলীয় পতাকায় তাঁর মরদেহ ঢেকে দেওয়া হয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতা-কর্মীরা। দীর্ঘদিন ধরে কেশপুরের তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন প্রদ্যুৎ পাঁজা। ব্লক সভাপতি হিসেবে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রবিবার ব্লক কার্যালয়ে প্রয়াত নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দলের বহু কর্মী-সমর্থক। প্রদ্যুৎ পাঁজার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ। তাঁর মৃত্যুতে কেশপুরের দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

