মেধা যাচাইয়ের মঞ্চে ৫০০ পড়ুয়া, ডাবচা নবকোলা হাই স্কুলে মেধা অন্বেষণ পরীক্ষা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে। রবিবার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাই স্কুলে এই পরীক্ষার আয়োজন করা হয়। জানা গিয়েছে, ব্লকের বিভিন্ন স্কুল থেকে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় বসে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
উদ্যোক্তাদের দাবি, এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে তাদের প্রতিভা ও মেধাকে আরও বিকশিত করার সুযোগ তৈরি হবে। আগামী দিনেও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।
এই দিনের মেধা অন্বেষণ পরীক্ষায় উপস্থিত ছিলেন স্বপন কুমার ঘোষ, রাহুল সালুই, প্রসেনজিৎ কুণ্ডু, চঞ্চল মণ্ডল-সহ একাধিক শিক্ষক-শিক্ষিকা। পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *