মালদায় ‘সেবা সংকল্প অভিযান’, নাট্যশালায় নরেন্দ্র মোদির রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপস্থাপনা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও চলছে ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মুচিয়া মহাদেবপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বিশেষ নাট্যশালার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। অভিনয় ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরেন শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ।

