সাইবার প্রতারণা রুখতে বালুরঘাট কলেজে সচেতনতা শিবির, পড়ুয়াদের সতর্ক করলেন বিশেষজ্ঞরা।

‎দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সাইবার প্রতারণা, অনলাইন আর্থিক জালিয়াতি ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে বুধবার বালুরঘাট কলেজে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)-এর অধীনে হেমনগর সুন্দরবন ড্রিমের উদ্যোগে আয়োজিত এই ভোক্তা সচেতনতা কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. পঙ্কজ কুণ্ডু। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বালুরঘাটের ডিএসপি (হেডকোয়ার্টার) অঙ্কুর সিংহ রায়, সাইবার ক্রাইম থানার এসআই অরিন্দম দাস, মুখ্য বক্তা মসলেম মহালাত, দক্ষিণ দিনাজপুর মহিলা থানার ওসি চন্দ্রিমা সরকার, অধ্যাপক ড. রিপন সরকার, সমাজকর্মী সূরজ দাশ এবং ট্রাইয়ের প্রতিনিধি জি. মোস্তাক। বক্তারা সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল, ফিশিং, অনলাইন লেনদেনে সতর্কতা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। সন্দেহজনক লিঙ্ক, ফোনকল বা বার্তায় সাড়া না দেওয়া এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে গোপন তথ্য ভাগ না করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বিষয়েও ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। সমাপ্তি বক্তব্যে অধ্যাপক ড. রিপন সরকার ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান। সমাজকর্মী সূরজ দাশের সঞ্চালনায় ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *