ভুটভুটি ওভারটেক করতে গিয়ে বিপত্তি, সার বোঝাই লরির চাকায় প্রাণ গেল ব্যবসায়ীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- মাছ বিক্রি করে বাইকে চেপে বাড়ি ফেরার পথে সার বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী অঞ্চলের মনোহরপুর প্লাইবোর্ড ফ্যাক্টরি সংলগ্ন বুলবুলচণ্ডী-কানতুর্কা রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দয়াল সিংহ (৫৫)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। এদিন কিঞ্চিবাড়ি এলাকায় মাছ বিক্রি করে মোটরবাইক নিয়ে বুলবুলচণ্ডীর কচুপুকুর এলাকার বাড়িতে ফিরছিলেন। সেই সময় মনোহরপুর প্লাইবোর্ড ফ্যাক্টরি সংলগ্ন রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কানতুর্কার দিকে যাচ্ছিল একটি সার বোঝাই লরি। অন্যদিকে দয়ালবাবু মোটরবাইক নিয়ে বিপরীত দিক থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ভুটভুটিকে ওভারটেক করার সময় আচমকাই লরির সামনে দিক থেকে চলে আসে। সেই সময় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ভুটভুটিটি ঘটনাস্থল থেকে চলে যায়। পাশাপাশি লরির চালকও পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুলবুলচন্ডী হাসপাতালে পাঠানো হয়। লরি ও মোটরবাইকটি আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *