করম গাছের ডাল স্থাপন থেকে নাচ-গান, ডাকাতপুকুরে পালিত হল কুড়মি সমাজের করম পরব।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে বামনগোলা থানার ডাকাতপুকুর গ্রামে সাড়ম্বরে পালিত হল কুড়মি সমাজের অন্যতম প্রধান উৎসব ‘করম পরব’। ঐতিহ্য, সংস্কৃতি ও লোকাচারকে সামনে রেখে এই উৎসবে মেতে ওঠেন কুড়মি সম্প্রদায়ের মানুষ।
করম পরব উপলক্ষে গ্রামের মানুষজনের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে করম গাছের ডাল স্থাপন ও পুজো করা হয়। পাশাপাশি নাচ, গান এবং বিভিন্ন লোকাচারের মাধ্যমে উদযাপিত হয় এই উৎসব।
স্থানীয়দের মতে, করম পরব কুড়মি সমাজের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই উৎসবের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও লোকাচারকে ধরে রাখার চেষ্টা করেন তাঁরা। উৎসবকে ঘিরে ডাকাতপুকুর গ্রামে তৈরি হয় মিলনমেলার পরিবেশ।

