মালদা মেডিকেলে সারপ্রাইজ ভিজিট, চিকিৎসক অনুপস্থিত দেখে অসন্তোষ মন্ত্রীর।
মালদা, নিজস্ব সংবাদদাতা : – আচমকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গেলেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুমনা সরকার। শুক্রবার হাসপাতালে পৌঁছেই বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। আর সেখানেই চিকিৎসকের অনুপস্থিতি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনের সময় নার্স ও স্বাস্থ্যকর্মীরা মন্ত্রীর সঙ্গে দেখা করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, হাসপাতালে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের।
অভিযোগ শোনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। পাশাপাশি, চিকিৎসকদের উপস্থিতি এবং রোগী পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

